ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

বাদশার সঙ্গে সম্পর্কের ইতি, প্রতারণার অভিযোগ ঈশার

ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন অভিনেত্রী ঈশা রিখী। এবার সেই সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিনেত্রীর দাবি, সম্পর্কের শেষ দিকে তিনি নিজেকে প্রতারিত মনে করেছিলেন।

শিগগিরই ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী হিসেবে দর্শকের সামনে আসতে চলেছেন ঈশা। অনুষ্ঠানটির সম্প্রচারের আগে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন তিনি। সেখানেই বাদশার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদের সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী।

চলতি বছরের মার্চ থেকে বাদশা ও ঈশার সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়। পরে ঈশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করলে সেই আলোচনা আরও জোরালো হয়। তবে ঈশা নিজে ওই ছবিগুলো প্রকাশ করেননি।

অভিনেত্রী জানান, শুরু থেকেই তিনি নিজের ব্যক্তিগত সম্পর্ক আড়ালেই রাখতে চেয়েছিলেন। ভালোবাসার মানুষ ও সম্পর্ককে প্রকাশ্য বিতর্কের মধ্যে না এনে বিষয়টি নিজেদের মধ্যেই রাখতে চেয়েছিলেন তিনি।

তবে মায়ের প্রকাশ করা ছবির পর পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার তার মনোমালিন্যও হয়েছিল বলে জানান ঈশা।

সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, তিনি খুব ভয় ও বিভ্রান্তির মধ্যে ছিলেন। কারণ, তার মা এক ধরনের তথ্য দিচ্ছিলেন, অন্যদিকে বাদশার বক্তব্য ছিল ভিন্ন। ফলে কোনটি সত্য, তা নিয়েই দ্বিধায় পড়ে যান তিনি।

ঈশার ভাষ্য, ছবিগুলো প্রকাশের পর বাদশার সঙ্গে তাদের একাধিকবার কথা হয়েছিল। কিন্তু তার কাছে এমন একটি ছবি দেখানো হয়েছিল, যেটিকে তিনি পরে আসল ছবি নয় বলে মনে করেন। পুরো ঘটনাটি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।

সম্পর্কের সেই অভিজ্ঞতা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে ঈশা বলেন, তিনি নিজেকে প্রতারিত মনে করেছিলেন। এদিকে ঈশার এমন বক্তব্যের বিষয়ে এখনো বাদশার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ব্যক্তিগত জীবনের সেই অধ্যায় পেছনে ফেলে এবার নতুনভাবে আলোচনায় আসতে প্রস্তুত ঈশা। ‘বিগ বস ২০’-এ তার অংশগ্রহণের মধ্য দিয়ে দর্শকের সামনে অভিনেত্রীর ব্যক্তিত্বের নতুন দিকও উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।