ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

জাহ্নবীকে ঘিরে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক মুছে ফেলার নির্দেশ

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ছড়িয়ে দেওয়া আপত্তিকর অনলাইন কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দিল্লি হাইকোর্ট। অভিনেত্রীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে শনাক্ত ৫৫২টি আপত্তিকর ইউআরএল সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

জাহ্নবী তার ব্যক্তিত্বের অধিকার ও পরিচয়ের সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হন। মামলায় কয়েক হাজার অনলাইন লিংকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। এর মধ্যে অনুমতি ছাড়া ছবি-পরিচয় ব্যবহারের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভুয়া ছবি, ডিপফেক ও ভুয়া অ্যাকাউন্টের বিষয়ও উঠে আসে।

আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে ৫৫২টি লিংকে স্পষ্টভাবে আপত্তিকর কনটেন্ট থাকার বিষয়টি উঠে আসে। এসব লিংক দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে জাহ্নবীর নামে থাকা সব ফ্যান পেজ বা ফ্যান ক্লাব বন্ধের আবেদন পুরোপুরি মেনে নেয়নি আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, কোনো তারকার নাম বা ছবি ব্যবহার করলেই একটি ফ্যান পেজ বেআইনি হয়ে যায় না। সেখানে তারকার কাজ নিয়ে প্রশংসা, সমালোচনা বা চলচ্চিত্রসংক্রান্ত তথ্য থাকতে পারে।

আদালত আরও জানিয়েছে, কোনো পেজে আপত্তিকর কনটেন্ট ছড়ানো হলে কিংবা তারকার পরিচয় ব্যবহার করে বেআইনিভাবে বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এ মামলায় ব্যক্তিত্বের অধিকার রক্ষার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ফলে জাহ্নবীর ক্ষেত্রে আপত্তিকর ও অননুমোদিত কনটেন্টের বিরুদ্ধে আইনি সুরক্ষা মিললেও, বৈধ ফ্যান পেজ বা সাধারণ মতামতের ওপর blanket নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।