ভারতের উত্তরাঞ্চলে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। সোমবার উত্তরপ্রদেশ রাজ্যের কৌশাম্বি জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ে। নিহতদের অধিকাংশই এসব বাড়িতে বসবাস করতেন।
‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিহত আট শিশুর বয়স চার থেকে ১৩ বছরের মধ্যে। বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সত্যনারায়ণ প্রজাপত।
তবে ঠিক কী কারণে কারখানাটিতে বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ভারতে শিল্পকারখানায় দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে আতশবাজি কারখানাগুলোতে নিরাপত্তাবিধি যথাযথভাবে না মানা এবং সংশ্লিষ্ট বিধিনিষেধের দুর্বল প্রয়োগের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
এর আগে চলতি বছরের মার্চে ভারতের পশ্চিমাঞ্চলে একটি আতশবাজি কারখানায় আগুন লেগে ১৭ জন নিহত হন। পরের মাসে দক্ষিণাঞ্চলে একটি আতশবাজি সংরক্ষণাগারে আগুনের ঘটনায় আরও আটজনের মৃত্যু হয়।