ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

শাহজালাল মসজিদ ম্যানচেস্টারে দারুল কিরাতের পুরস্কার বিতরণী ও গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত

ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও সামার হলিডের সময় চার সপ্তাহব্যাপী দারুল কিরাত কোর্সের আয়োজন করা হয়। দারুল কিরাত কোর্সের সমাপনী উপলক্ষে এক পুরস্কার বিতরণী ও গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে সোমবার (৩১ আগস্ট)।

শাহজালাল মসজিদের চেয়ারম্যান আলহাজ আনসার উদ্দীনের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন দারুল কিরাতের প্রধান কারী হযরত মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মসজিদের ট্রাস্টি আলহাজ সৈয়দ নজরুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ ম্যানচেস্টারের প্রেসিডেন্ট মাওলানা আবদুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা আবদুস সালাম, মসজিদের সেক্রেটারি আলহাজ মালিক সওদাগর, জয়েন্ট সেক্রেটারি শেখ জাফর আহমদ, ট্রেজারার কামরু মিয়া, হাফেজ আবদুল হামিদ শাহান, আলহাজ আবদুল হান্নান, ফারুক আহমদ, সৈয়দ খায়রুল ইসলাম, মাওলানা ফেরদৌস চৌধুরী প্রমুখ।

বক্তাগণ বলেন, “কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। হাদীস শরীফে সেই ব্যক্তিকে সর্বোত্তম বলা হয়েছে যে নিজে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।” সহীহভাবে কুরআনে কারীম পঠন শিক্ষা প্রদানের ক্ষেত্রে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অবদান উল্লেখ করে বক্তাগণ ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে এই কোর্স আয়োজনের জন্য মসজিদ কর্তৃপক্ষ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং ম্যানচেস্টার কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছয় বছরের এই কোর্স সম্পন্ন করে শাহজালাল মসজিদ থেকে এ বছর ১৪ জন শিক্ষার্থী কারী ও কারীয়া হিসেবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। মাসব্যাপী এ বিশেষ কুরআন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছে দেড় শতাধিক শিক্ষার্থী। যাদের তত্ত্বাবধান ও শিক্ষাদানে নিয়োজিত ছিলেন নবীন ও প্রবীণ ২৭ জন শিক্ষক ও শিক্ষিকা।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা কাগজের ডিরেক্টর রুহুল আমীন চৌধুরী মামুন, আলহাজ মনসুর খান, আলহাজ আবু তাহের, মুস্তাফিজুর রহমান লস্কর, ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু, সৈয়দ সাদেক আহমদ, সাব্বির চৌধুরী, রজিন খায়রুল, জবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, দারুল কিরাতের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সফলকাম শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, মেডেল এবং ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। কুরআনে কারীমের খিদমতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের তত্ত্বাবধানে শাহজালাল মসজিদ ম্যানচেস্টার যুগ যুগ ধরে এমন প্রচেষ্টা চালিয়ে যাবে-এমনটাই প্রত্যাশা সকলের।