২২-২৩ বছর আগের এক ঘটনা নতুন করে ফটোকার্ড ছড়ানো নিয়ে বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান খুবই বিরক্ত হয়েছেন। সম্প্রতি ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির মতো বাসায় ভাড়া থাকি।’ এমন কথা লিখে গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে দেয়া হয়। তবে বিষয়টি শুনে বিস্মিত ও বিরক্ত হয়েছেন বরেণ্য এই অভিনয়শিল্পী। কারণ, ছড়িয়ে পড়া এই ঘটনার কোনো সত্যতা নেই। দিলারা জামান বলেন, মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব! বাড়ি দখলের ঘটনার বিষয়টি নিয়ে তিনি বলেন, এটি ২২-২৩ বছর আগের। ২০০৩-২০০৪ সালের দিকে শ্যামলী এলাকায় পৈতৃক বাড়িতে থাকতাম। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। তখন বিষয়টি নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হলে সংশ্লিষ্টদের টনক নড়ে। এরপর সেই দখলের পরিস্থিতি আর এগোয়নি। তবে সেই বাড়ি এখন আর নেই। বিক্রি করে দিয়েছি। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তারপর থেকে এখানেই থাকছি। দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝেমধ্যে গিয়ে কিছুদিন থাকি। এখন আর তেমন দেশের বাইরে যাওয়া হয় না। অভিনয় নিয়েই ব্যস্ততা। উত্তরায় নিজের ফ্ল্যাটেই থাকি। এত বছর পর পুরোনো সেই ঘটনা নতুন করে কেন বা কারা ছড়াল। হঠাৎ করে এই ধরনের আজগুবি তথ্য সামনে কীভাবে এল, নিজেই তো অবাক হয়ে গেলাম!