মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) জন্য ফোকালডাটার করা সর্বশেষ জরিপে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজের অনুমোদন ৩৩ শতাংশে নেমে এসেছে। এফটির জরিপে এটিই এখন পর্যন্ত তার সর্বনিম্ন অনুমোদন। এক মাস আগের তুলনায় এই হার কমেছে ৩ শতাংশীয় পয়েন্ট।
রিপাবলিকান ভোটারদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন কমেছে। এই ভোটারদের মধ্যে তার কাজের অনুমোদন নেমে এসেছে ৭২ শতাংশে, যা এফটির জরিপে আরেকটি রেকর্ড সর্বনিম্ন। অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগই ট্রাম্পের জনপ্রিয়তা কমার অন্যতম কারণ বলে জরিপে উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভুল পথে এগোচ্ছে। ৫৭ শতাংশ ভোটার জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নীতির কারণে তাদের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। ট্রাম্পের শুল্ক ও বাণিজ্যনীতির বিরোধিতাও করেছেন ভোটারদের বড় একটি অংশ।
কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ এবং নতুন শুল্ক নিয়েও উদ্বেগ রয়েছে। এসব শুল্কের কারণে ভোক্তাদের জন্য পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক ভোটার।
এদিকে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনেও ট্রাম্পের ভূমিকা রিপাবলিকানদের জন্য কতটা সুবিধাজনক হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জরিপে ৪৬ শতাংশ ভোটার মনে করেন, ট্রাম্পের সক্রিয় ভূমিকা রিপাবলিকান প্রার্থীদের জন্য নির্বাচনে জয় পাওয়া কঠিন করে তুলছে। ৪৭ শতাংশ ভোটার জানিয়েছেন, ট্রাম্প প্রকাশ্যে সমর্থন করেছেন—এমন কোনো প্রার্থীকে তারা সমর্থন করতে কম আগ্রহী।
ফাইন্যান্সিয়াল টাইমসের জন্য লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফোকালডাটা ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে জরিপটি পরিচালনা করে। এতে ১ হাজার ৯১৪ জন নিবন্ধিত ভোটার অংশ নেন। জরিপের ফলাফলে ২ দশমিক ৬ শতাংশ পয়েন্ট পর্যন্ত হেরফের হতে পারে।