বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতির জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৩ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, মির্জা আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার তিনি। পাটওয়ারীর তীর্যক আক্রমণের কারণে মির্জা আব্বাস ভাইকে মৃত্যুর মুখোমুখি চলে যেতে হয়। অনেকে বলতে পারেন অসুস্থতার জন্য কাউকে দায়ী করা যায় না। এটি সত্য। তবে দিনের পর দিন ব্যক্তি আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে স্ট্রোকের জন্য অবশ্যই দায়ী করা যায়।
রাশেদ আরও দাবি করেন, যেখানে ঢাকার বুকে দাপটের সাথে মির্জা আব্বাস ভাই রাজনীতি করেছেন, ৯০ এর গণঅভ্যুত্থানের সময় ঢাকাকে সংগঠিত করেছেন, ১৬ বছর অসংখ্যবার কারাবরণ করেছেন। সেই তাকে ওসমান হাদী হত্যার সাথে জড়িয়ে অপবাদ ও হাসপাতালে তার উপর মব করা হয়েছে। এগুলো তিনি মেনে নিতে পারেননি। দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগে শেষমেষ স্ট্রোকের কবলে পড়ে আজকের এই করুণ পরিণতি ভোগ করছেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে নাতির বয়সি নাসির উদ্দীন পাটোয়ারীর বেয়াদবি তাকে সহ্য করতে হয়েছে! নির্বাচনের পরেও তার মানসিক অত্যাচার থেকে মির্জা আব্বাস ভাই রেহাই পায়নি। এমনকি হাসপাতালের বিছানায় থাকা অবস্থায় মির্জা আব্বাস ভাইয়ের প্রতিকৃতি বানিয়ে বক্সিং করে এই জঘন্য পাটওয়ারী।