৬ দফা দাবি থেকে এক দফার আন্দোলনে যেতে বেশি সময় লাগবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
রাশেদ প্রধান বলেন, জনগণের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের জন্যই ১১ দলীয় ঐক্যের এ কর্মসূচি। সরকার যদি জনগণের দাবিকে উপেক্ষা করে, তাহলে চলমান ৬ দফা দাবি এক দফায় পরিণত হতে বেশি সময় লাগবে না।
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার সকাল ৭টায় শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। পরে গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে যাত্রা করে। পথে কাচপুর, কুমিল্লার পদুয়া বাজার, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।