নীলফামারী: নীলফামারীতে গ্রেফতার পাঁচ জেএমবি সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (৫ ডিসেম্বর) বিকেলে তাদের জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মো. হাফিজুল ইসলাম তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
এর আগে সকালে ছয় জঙ্গির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে মামলা করেন র্যাব-১৩ এর উপ-সহকারী পরিচালক আব্দুল কাদের। এর মধ্যে মামলার প্রধান আসামি শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ।
শনিবার (৪ডিসেম্বর) সকালে সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকায় শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল, দেশীয় অস্ত্র এবং গুলি উদ্ধার করে র্যাবের বোম্ব ডিসপজাল ইউনিটের সদস্যরা।