ঢাকা, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিতে দূরদর্শিতা আজ খুবই প্রয়োজন: ওবায়দুর রহমান মৃধা

বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দেশে আজ অদূরদর্শী রাজনীতির চর্চা অনেক বেড়ে গেছে। বেশিরভাগ রাজনৈতিক নেতৃত্ব নানান কৌশলের রাজনীতি নিয়ে জাতির সামনে উপস্থিত হচ্ছেন। আর কৌশল রচনাকারী রাজনীতিকরা জনগণকে বিভ্রান্ত করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় তার প্রচেষ্টায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। অথচ বর্তমানে দেশে পরিচালনায় রাজনীতিতে দূরদর্শিতা খুবই প্রয়োজন।

বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত ডা. বি. চৌধুরী তাঁর বক্তৃতায় প্রায়ই রাজনীতিবিদদের দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে বলে গুরুত্ব আরোপ করতেন। কেননা রাষ্ট্রের সীমিত সম্পদ এমনভাবে ব্যবহার করতে হবে যেন সম্পদের কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চিত হয়। রাষ্ট্র পরিচালনার প্রধান উদ্দেশ্য রাষ্ট্রের সম্পদ যেন কোনভাবেই অপচয় না হয়। সেজন্য প্রয়োজন দক্ষ, দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব। আবেগ বা জনতুষ্টি কখনোই যেন প্রধান না হয়ে ওঠে।

বর্তমান সময়ে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। যেখানে দেশের অর্থনৈতিক সমস্যা প্রকট। এই সময় সরকারের উচিত – তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিবেচনার সাথে গ্রহণ করা। অর্থ সংকট এমন একটি বিষয় যা আপনাকে যেকোনো পরিকল্পনা বাস্তবায়নে ব্যাঘাত ঘটাতে পারে। শেখ হাসিনার অদূরদর্শিতা তার প্রমাণ।

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত ডা. বি. চৌধুরী তাঁর দীর্ঘ রাজনৈতক জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করেছিলেন যে, দেশে দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদের অভাব আমাদেরকে একদিন ভাবিয়ে তুলবে। আমরা আশা করব, বর্তমান সরকার অনেক বেশি গবেষণা ও সামর্থ্যের বিবেচনায় বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণ করবেন। নতুন নতুন প্রকল্প বাস্তবায়নে আর্থিক সংকট দেখা দিলে তা দেশ ও সরকারের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।