বয়সভিত্তিক দলে দারুণ পারফর্ম করে গেল বছরই ঢাকা লিগে সুযোগ পেয়েছিলেন আজিজুল হাকিম তামিম। আগামী ৪মে শুরু হতে যাওয়া আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন বড় দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে।
একাদশে সুযোগ পাওয়ার জন্য অবশ্য বেশ লড়াই করতে হবে এই তরুণ অলরাউন্ডারকে। তবে শুধু একাদশেই জায়গা নিশ্চিত করাই তার লক্ষ্য নয়। ডিপিএলে ভালো করে জাতীয় দলের রাডারেও আসতে চান তামিম।
আজ আজিজুল হাকিম তামিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, সব দিক থেকে ভালো লাগছে। সিনিয়র-জুনিয়র মিক্স করে আছি। যেহেতু ১১ ম্যাচ, ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্য নেই। দলকে জেতানোই মূল লক্ষ্য। যেহেতু প্রতিটি চ্যালেঞ্জকে আমি সুযোগ হিসেবে দেখি, এটাও আমার জন্য বাংলাদেশ দলে ঢোকার জন্য একটা সুযোগ।’
পরে টুর্নামেন্টে ভালো করার আশা ব্যক্ত করে তামিম বলেন, ‘রিয়াদ ভাই আছেন, আকবর ভাইরাও আছেন। তামিম-সাকিব ভাই আছেন, আমরা জুনিয়ররাও আছি। সব মিক্সড। ইনশাআল্লাহ, ভালো কিছু করার চেষ্টা করব।’