ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় মোহাম্মদ খোরশেদ আলমের শোক প্রকাশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম । সোমবার (২৫ মে-২০২৬) এক শোকবার্তায় তিনি বলেন, কালিহাতীর জোকারচর ও সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় সংঘটিত এ মর্মান্তিক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।

খোরশেদ আলম নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তাদের আশু সুস্থতা কামনা করেন।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তরবঙ্গগামী একটি রডবোঝাই ট্রাক অতিরিক্ত যাত্রী বহন করে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং আরও অন্তত ৬ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। এ ঘটনায় পুরো বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে।