রাজধানীর বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়ছে। তবে সে অনুযায়ী দাম খুব একটা কমেনি দাম। কিছু সবজির দাম বাড়লেও বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে খাসির মাংস
শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিকেজি টমেটো ১৪০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, সিম ৬০ টাকা, (গোল) বেগুন ৮০ টাকা, (লম্বা) বেগুন ৬০ টাকা, পাতা কফি ৫০ টাকা, করলা ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লতি ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা, মুলা ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা ও পেঁপের কেজি ৪০ টাকা।
বাজারে ফুল কফি প্রতি পিস ৬০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। শসা ৮০ আর লেবুর হালি ১৫-২০ টাকায়।
শিম-মুলার দাম কমলেও আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও গাজর। গত সপ্তাহের মতো পাকা টমেটোর কেজি এখন ১৪০ থেকে ১৬০ টাকা। আর গাজর বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। মাছ, আলু ও পেঁয়াজের দামেও পরিবর্তন আসেনি।
মাংসের দাম বিষয়ে এক ব্যবসায়ী বাংলাদেশ জার্নালকে বলেন, মাংসের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি, খাসির মাংসের দাম ৮৫০ থেকে ৯০০ টাকা কেজি। আর বিয়ের মৌসুম হওয়ায় বাড়তি চাহিদার কারণে মাংসের বাজারে ঊর্ধ্বমুখী খাসির মাংসের দাম।
ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি করছেন ১৫৫ থেকে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬০ থেকে ১৬৫ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে কমেছে ৫ থেকে ১০ টাকা। চার সপ্তাহের ব্যবধানে এ দাম কমেছে কেজিতে প্রায় ৩০ টাকা। সপ্তাহ চারেক আগে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৮৫ থেকে ১৯০ টাকা।
ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও পাকিস্তানি কক বা সোনালী মুরগি ও লাল লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা। লাল লেয়ার মুরগি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা।
মুরগির দাম কমলেও সপ্তাহের ব্যবধানে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের মতো ফার্মের মুরগির ডিমের ডজন ১১৫ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। আর পেঁয়াজের কেজি গত সপ্তাহের মতো ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছও। অন্যদিকে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ মাছের কেজি ১০০০ থেকে ১২০০ টাকা, নলা মাছ ১৭০ থেকে ২০০ টাকা কেজি আর চিংড়ির কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা দরে। এছাড়া শিং ও টাকি মাছের কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, শোল মাছ ৫০০ থেকে ৬০০ টাকা, তেলাপিয়া ও পাঙাস ১৫০ থেকে ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।