ঢাকা, সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরে ভারতের ১১% প্রবৃদ্ধির পূর্বাভাস

করোনার কারণে গত অর্থবছরে ভারতের অর্থনীতি ৭ দশমিক ৭ শতাংশ সংকোচিত হয়। এর পরও নতুন অর্থবছরে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ভারতের। এই অবস্থায় ২০২১-২২ অর্থবছরে ১১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেশটির। সরকারি এ পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১১ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাসের প্রায় কাছাকাছি। খবর এএফপি, বিজনেস টুডে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গত শুক্রবার লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা ২০২০-২১ পেশ করেছেন। এই সমীক্ষা অনুসারে আগামী অর্থবছরে ১১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারি ব্যয় গুরুত্ব্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি এই সমীক্ষায় বলা হচ্ছে, চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আগামী ১ ফেব্রুয়ারির বাজেট সামনে রেখে এ উপাত্তগুলো খুবই তাত্পর্য বহন করে। মহামারি আক্রান্ত অর্থনীতির পুনরুদ্ধার এখন সরকারের প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। করোনা লকডাউনে চাকরি হারানো কোটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এখন বড় চ্যালেঞ্জ।

অর্থনৈতিক সমীক্ষা পূর্বাভাসে বলা হচ্ছে, করোনা ভ্যাকসিন দেয়া শুরু হওয়ায় ‘ভি’ আকৃতিতে ঘুরে দাঁড়াবে ভারতের অর্থনীতি। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রামানিয়ানের নেতৃত্বে এবারের এই অর্থনৈতিক সমীক্ষা তৈরি হয়েছে।