ঢাকা, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে তাকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তারা ইউক্রেন ও ইরান যুদ্ধসহ ওয়াশিংটনের দূতদের আসন্ন রাশিয়া সফর নিয়ে আলোচনা করেছেন বলে ক্রেমলিন জানিয়েছে।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, টেলিফোনে আলাপকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খসড়া সমঝোতা স্মারকের (এমওইউ) বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন দুই রাষ্ট্র নেতা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি চুক্তি খুব কাছাকাছি রয়েছে।

ক্রেমলিনের এই উপদেষ্টা বলেছেন, মার্কিন দূত উইটকফ ও কুশনার শিগগিরই রাশিয়া সফর করবেন বলে একমত হয়েছেন পুতিন এবং ট্রাম্প।

এর আগে, একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের সঙ্গে চুক্তিটি আজই স্বাক্ষর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির বিষয়ে তেহরান এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কিংবা ঘোষণা করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার বলেছেন, চুক্তি সইয়ের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি এবং এটি রোববার হচ্ছে না।

তবে ইরানি কর্মকর্তারা বলছেন, চুক্তিটি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে। তারা জোর দিয়ে বলছেন, আলোচনা এখনও চলছে এবং কোনও চূড়ান্ত চুক্তি নিশ্চিত করা হয়নি।

সূত্র: এএফপি।