ঢাকা, সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ মানবাধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নরসিংদীতে পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ মানবাধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি গাজী মনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘একুশের চেতনা কেবল ভাষার দাবিতে সীমাবদ্ধ নয়; এটি ন্যায়, অধিকার ও মর্যাদার সংগ্রামের প্রতীক।গাজী মনি ‎বলেন, ‘বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার ছাত্র ও যুবসমাজ পাকিস্তানি শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকসহ নাম না জানা আরো অনেকে শহীদ হন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তরুণদের রক্তে লাল হয়েছিল ঢাকার রাজপথ। সেই আত্মত্যাগের ইতিহাস আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।’

এর আগে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৭ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রভাতফেরিতে অংশ নিতে শহরজুড়ে মানুষের ঢল নামে। সাদা-কালো পোশাকে, খালি পায়ে এবং ফুল হাতে অংশগ্রহণকারীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে মুখরিত করে তোলে ডিসি অফিস থেকে কলেজ রোড এলাকা। বিভিন্ন বয়সী মানুষ সরকারি কলেজ শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।