জাতির বীর সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪মিনিটে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। এর আগে তারেক রহমানের পক্ষ থেকে নিয়ম মেনে বিকেলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তের বিএনপির নেতাকর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে জড়ো হন। সারা দিন তারা তারেক রহমানের জন্য অপেক্ষা করেন।
বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।