জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ মাল্টা। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই ঘোষণা দেওয়া হবে বলে মাল্টার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের অবসান এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশগুলো। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ সোমবার একই ধরনের ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী কয়েক বছর মাল্টায় বসবাস করেছেন। রোববার রাতে এক ফেসবুক পোস্টে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা গাজায় মাল্টার অনুদান হিসেবে পাঠানো আটা পৌঁছানোর তথ্য জানান।
তিনি লিখেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আগের সন্ধ্যায় মাল্টার পক্ষ থেকে পাঠানো আটা গাজায় পৌঁছেছে। অ্যাবেলা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্তকে ‘‘ঐতিহাসিক’’ উল্লেখ করে বলেন, মাল্টা ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ।
সূত্র: রয়টার্স।