ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে : আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। 

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পল্লবী রুপনগর, বাড্ডা ও ভাটারায় বিএনপির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনো স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা। আগামীতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে চলেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান প্রমুখ।