ঢাকা, সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার বৈঠকে ইউক্রেন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরু হওয়ার পর এই প্রথমবার ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকেও ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা এই মুহুর্তে তুরস্কের আন্তালায়ায় বৈঠক করছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভোসোগলুর আহ্বানে বৃহস্পতিবার শান্তি আলোচনায় অংশ নিয়েছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল।

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য বৃহস্পতিবার তুরস্কের আন্তালায়া শহরে পৌঁছান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এর আগে বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকেও তুরস্কে প্রবেশ করতে দেখা যায়। দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়া অভিযান শুরু করার পর এই প্রথম তিন পক্ষের কূটনীতিকদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

এদিকে রুশ বাহিনীর দখলে থাকা শহরগুলো থেকে বেসামরিক নাগরিকরা যেন বের হয়ে যেতে পারে, সেজন্য সাতটি ‘মানবিক করিডোর’ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরইয়ানা ভেরেশ্চুক।

মানবিক করিডোর এমন অঞ্চল, যেখানে বেসামরিক নাগরিকদের নিরাপদে চলাচলের সুযোগ দিতে সাময়িকভাবে সেনা কার্যক্রম বন্ধ থাকে।

দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর সুমির আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, শহর ছাড়তে চাওয়া মানুষ এরই মধ্যে ওই অঞ্চল ছেড়ে বের হতে শুরু করেছেন এবং সেখানে স্থানীয়ভাবে যুদ্ধবিরতি চলছে। ইউক্রেন ও রাশিয়া দু্ই দেশই মানবিক করিডোর প্রতিষ্ঠা করার বিষয়ে রাজি হয়েছে।

এদিকে ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের একটি শিশু হাসপাতালে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ওই হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন, বুধবার মাতৃত্বকালীন ও শিশু হাসপাতালে রুশ বাহিনীর বোমা হামলা এক শিশুসহ তিনজন মারা গেছেন।

ওই হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গর্ভবতী নারীও আছেন। ডেপুটি মেয়র সার্গেই অরলভ বিবিসিকে বলেন, আমি পুরোপুরি নিশ্চিত যে তারা এই হাসপাতালের বিষয়ে জানতো। এই শহরে এ নিয়ে তৃতীয় হাসপাতাল ধ্বংস করলো তারা।