ঢাকা, সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চলচ্চিত্রে নিশো, গোপনীয়তা রক্ষা করে চলছে শুটিং

চলচ্চিত্রটিতে এমন লুকে দেখা যাবে নিশোকে

ছোট পর্দার দাপুটে অভিনেতা আফরান নিশো। গত কয়েক বছর ধরেই বলে আসছেন বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন তিনি। কিন্তু মনের মতো কোনো চরিত্র পাননি বলে তা আর হয়ে ওঠেনি।

জানা যায়, এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নাম লেখিয়েছেন নিশো। আবরার আতহার পরিচালিত এ চলচ্চিত্রের নাম জানাতে নারাজ সংশ্লিষ্টরা। এটি প্রযোজনা করছে ভারতের জি-ফাইভ। চলচ্চিত্রটির নাম গোপন রাখার বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ চলচ্চিত্রে আফরান নিশোর সঙ্গে আরো অভিনয় করছেন—শ্যামল মাওলা ও শরিফুল রাজ। এতে কোনো নারী চরিত্র থাকছে না। শ্যামল মাওলা বলেন—‘প্রত্যেকটি চরিত্র খুব মজার। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কড়া নিষেধ আছে, চলচ্চিত্রটির বিষয়ে কথা বলা। আর এতে কোনো নারী চরিত্রও থাকছে না।’

পরিচালক আবরার আতহারের মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। পরে তার সঙ্গে ফেসবুকে কথা হয়। তিনি রাইজিংবিডিকে বলেন—‘এখন শুটিংয়ে আছি। প্রচণ্ড কাজের চাপ। কারণ কাজটি দ্রুত শেষ করতে হবে। আর শুটিংয়ে ফোন ব্যবহার করা নিষেধ।’ তবে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে তা জানাতে অপারগতা প্রকাশ করেন এই নির্মাতা।

নগরীর বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ চলছে। অক্টোবরে জি-ফাইভে মুক্তি পাবে এটি।