আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। প্রথম পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর। দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওমান। আর পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর।
আগমী অক্টোবর-নভেম্বরে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার এই আসরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুরুতে রয়েছেন আট দলের রাউন্ড ওয়ান বা বাছাই পর্বের খেলা। এখানে খেলে তবেই যেতে হবে সুপার টুয়েলভ বা মূল পর্বে।
এদিকে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহামুদউল্লাহ রিয়াদ মনে করেন বিশ্বকাপের সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) দেয়া সাক্ষাৎকারে রিয়াদ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের মত টুর্নামেন্টে সব ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। যার বিপক্ষেই খেলুন, প্রথম বল থেকেই ভালো খেলতে হবে। ঠিক মানসিকতায় থাকতে হবে এবং দলের প্রক্রিয়া ঠিক রাখতে হবে, তাহলেই প্রতি ম্যাচে জেতা সম্ভব।’
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছে টিম বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এসেছে টানা দুই সিরিজ জয়। জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারানোর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ ব্যবধানে।