বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১ দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। ফলে বাংলাদেশি পর্যটকদের ভিজিট ভিসায় এক বছরের এমইভি পাওয়ার সুযোগ কমে গেছে। সাধারণ পর্যটন ভ্রমণে এখন একক প্রবেশ ভিসাই প্রযোজ্য হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এমইভি আর সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে দেওয়া হবে না। নতুন নীতিতে নির্দিষ্ট ভ্রমণ উদ্দেশ্যে এ ভিসা দেওয়া হবে।
এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, উড়োজাহাজ ও নৌভ্রমণের সমন্বিত ভ্রমণ এবং বিয়েকেন্দ্রিক পর্যটন। সাধারণ ভ্রমণ বা সামাজিক সফরের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটকদের একক প্রবেশ ভিসার জন্য আবেদন করতে হবে।
ইমিগ্রেশন বিভাগের এ সিদ্ধান্ত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। এর সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের কর্মসংস্থানসংক্রান্ত ভিসা কিংবা কর্মানুমতির কোনো সম্পর্ক নেই।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন এ নীতির কথা জানানো হয়েছে।