নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সম্প্রতি ৮ ই মার্চ (রবিবার) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক রাশেদা আহমেদ বলেন-সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করতে হলে নারীর শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
নারীরা আজ শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু এখনো অনেক নারী বৈষম্য, সহিংসতা এবং নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তাই নারীর অধিকার রক্ষা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নেতৃত্বের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।
নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্র আরও শক্তিশালী হয়ে ওঠে। কারণ একজন শিক্ষিত ও সচেতন নারী শুধু নিজেই এগিয়ে যান না, তিনি একটি পরিবার ও প্রজন্মকে আলোকিত করেন।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারী উন্নয়ন ও সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য রাখেন নওগাঁ ও বরগুনা জেলার কো-অর্ডিনেটর এডভোকেট শামীমা আক্তার ইতি, জয়পুরহাট জেলার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও সহ সভাপতি হাবিবুর রহমান, সুপ্রীমকোর্টের এডভোকেট দিলারা জামান ও এডভোকেট ফরিদা ইয়াসমিন, ঢাকা জজকোর্টের এডভোকেট মুক্তা, লেখক ফারুক আহমেদ, বিশিষ্ট্র সমাজ সেবক আবদুল্লা আল মামুন, নারী নেত্রী রোকসানা আহমেদ প্রমুখ ।