হিজাব বিরোধী আন্দোলনের সময় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় এক বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। শনিবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির বিচারবিভাগ সংক্রান্ত ওয়েবসাইট মিজান।
২০২২ সালে মাহসা আমিনি নামে এক তরুণীর পুলিশ হেফাজতে মৃত্যু হয়। সঠিকভাবে হিজাব না পরায় তাকে আটক করে দেশটির নৈতিকতা পুলিশ। এর কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়। এ তথ্য ছড়িয়ে পড়লে পুরো ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশ মানুষের মৃত্যু হয়।
মিজান জানিয়েছে, মেহরান বাহরামিয়ান নামের ওই বিক্ষোভকারী ২০২২ সালের ডিসেম্বরে ইস্ফাহান প্রদেশের সেমিরোম এলাকায় পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মোহসিন রেজাই নামে এক কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকায় আজ সকালে তার দণ্ড কার্যকর হয়েছে।
কিছু অধিকার সংস্থা জানিয়েছে, বাহরামিয়ানের ভাই ফাজেলকেও একই অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২২ সালে বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে তাদের আরেক ভাই মোরাদ নিহত হন।
সূত্র: রয়টার্স