ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

মাহমুদউল্লাহদের ফিটনেস পরীক্ষার সময় জানাল বিসিবি

আগস্টের শেষ নাগাদ শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য আগামীকাল (সোমবার) থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। এরপর ক্রমান্বয়ে ৩২ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা এবং এরপর ২১-২২ জনের স্কোয়াড দেওয়া হবে। আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসব কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এর আগে এশিয়া কাপের দল ও প্রস্তুতি নিয়ে আলোচনায় বসেছিলেন বিসিবির তিন নির্বাচক। নান্নু ছাড়াও বৈঠকে ছিলেন সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। এরপরই বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নান্নু।

তিনি বলেন, ‘আগামীকাল থেকে আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। এটা মূলত একটা মান দেখার জন্য। তারপর স্কিল টেস্ট, দলের কৌশল ও নির্দিষ্ট খেলোয়াড়ের কার্যকারিতার ভিত্তিতে স্কোয়াড বানাবেন নির্বাচকরা।’

ফিটনেস ক্যাম্প ও পরবর্তীতে স্কোয়াড গঠন নিয়ে বিসিবির এই প্রধান নির্বাচক বলেন, ‘আমরা ৩২ জন খেলোয়াড় প্রস্তুত করেছি। ওরা ইয়ো-ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে (আগস্ট)। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য। স্কোয়াড তৈরিতে বরাবরের মতই ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, দলের প্রধান কোচ ও অধিনায়কের মতামতের গুরুত্ব থাকবে।’