লিওনেল মেসির ক্লাব ক্যারিয়ারে এসেছে নতুন মোড়। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এ মৌসুমে। আর্জেন্টাইন অধিনায়কের পরবর্তী গন্তব্য হিসেবে সৌদি ক্লাব আল হিলাল, সাবেক ক্লাব বার্সেলোনার কথা ভেসে বেড়াচ্ছে সংবাদমাধ্যমগুলোতে।
দলবদল নিয়ে নানা গুঞ্জন যখন ডালপালা মেলছিল বিশকাপের পর থেকেই। এর মধ্যে অনুমতি ছাড়া সৌদি আরবে ঘুরতে গিয়ে পিএসজিতে দুই সপ্তাহের জন্য সাসপেন্ড হন মেসি। তার পরপরই বড় বোমা ফাটায় ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। তারা জানায়, মেসি-পিএসজি সম্পর্ক শেষ হচ্ছে এ মৌসুমেই।
এরই মধ্যে নতুন খবর প্রকাশ করে অন্দা চেরো। স্প্যানিশ রেডিও স্টেশনটি জানায়, শেষ পর্যন্ত সৌদি ক্লাব আল হিলালে যাবেন মেসি, তবে তার আগে সাবেক ক্লাব বার্সেলোনায় খেলবেন তিনি।
এ মৌসুমের প্রথম থেকেই মেসিকে পেতে মরিয়া হয়ে ওঠে কাতালান ক্লাবটি। আর পিএসজির সঙ্গে তাঁর চুক্তির প্রক্রিয়া থমকে যাওয়ার পর, নতুন করে স্বপ্ন দেখছেন বার্সা সমর্থকেরা। তবে মেসিকে ফেরাতে অর্থনৈতিক সীমাবদ্ধতার বাধা টপকাতে হবে স্প্যানিশ দলটির। বেতন–ভাতা থেকে বার্সাকে কমাতে হবে অন্তত ২০ কোটি ইউরো।
অন্দা চেরোর খবর সত্য হলে, এত কিছুর পরও মেসিকে এক বছরের বেশি পাবে না বার্সা। ক্যাম্প ন্যু ছেড়ে মরুর দেশ সৌদি আরবে যাত্রা করবেন মেসি। তাঁকে দলে টানতে বার্ষিক ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেতন প্রস্তাব করেছে আল হিলাল, যা রোনালদোরও বার্ষিক বেতনের প্রায় দ্বিগুণ।
এদিকে, ইনজুরির কারণে আগেই মৌসুম শেষ হয়েছে নেইমারের। গুঞ্জন আছে এরমধ্যে দিয়েই পিএসজি অধ্যায় শেষ হচ্ছে ব্রাজিলিয়ান এই ফুটবলারের। মৌসুম শেষে ক্লাব ছাড়তে পারেন এমবাপ্পেও। তাঁকে পেতে চায় রিয়াল মাদ্রিদ। ফলে পিএসজি এখন জৌলুস শেষের অপেক্ষায়।
এমন পরিস্থিতিতে মাঠের দাপট ধরে রাখা কঠিন। সেটাই দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। নিজেদের আধিপত্য ধরে রাখতে নতুন কী উদ্যোগ নেয় প্যারিস জায়ান্টরা, সেটাই দেখার অপেক্ষা।