ঢাকা, রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ চ্যাম্পিয়ন পাঁচ শিক্ষার্থীকে বিকেএসপির সংবর্ধনা

সাফ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলে বিকেএসপির পাঁচজন শিক্ষার্থী রয়েছেন। বৃহস্পতিবার বিকেএসপিতে আঁখি খাতুন, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, সাথী বিশ্বাস ও ইতি রাণীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে কৃতি ফুটবলারদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও এক লাখ টাকার চেক পুরস্কার হিসেবে তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হক।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিকেএসপির প্রশিক্ষণার্থীরা প্রত্যেকটি খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য বয়ে নিয়ে আসছে। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। আমি সাফ বিজয়ী বিকেএসপির পাঁচজন খেলোয়াড়সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাফ নারী ফুটবল দলের আজকের এ সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০১২ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ আয়োজন করছি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়দের বিদেশে প্রশিক্ষণ প্রদান করছি। আমরা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে চ্যাম্পিয়ন হতে চাই।