ঢাকা, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের বৈধ করার দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে: খোকন জমাদার

ঢাকা, ১৫ জুন: মালয়েশিয়ায় বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি প্রবাসীদের বৈধ করার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী সমাজকর্মী ও প্রবাসী নেতা খোকন জমাদার

এক বিবৃতিতে খোকন জমাদার বলেন, মালয়েশিয়ায় হাজার হাজার বাংলাদেশি শ্রমিক বিভিন্ন প্রশাসনিক জটিলতা, কর্মসংস্থান পরিবর্তন, নিয়োগকর্তার অনিয়ম এবং ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে অবৈধ হয়ে পড়েছেন। ফলে তারা নিয়মিত চাকরি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং গ্রেপ্তার ও বহিষ্কারের ঝুঁকিতে দিন কাটাচ্ছেন।

তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি প্রবাসীদের বৈধ হওয়ার বিশেষ সুযোগ সৃষ্টি করা জরুরি। অতীতে মালয়েশিয়ায় বিভিন্ন সময়ে বৈধকরণ কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে অনেক বিদেশি শ্রমিক বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন।

খোকন জমাদার আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই মানবিক বিবেচনায় এবং দেশের স্বার্থে তাদের সমস্যার দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কূটনৈতিক মিশনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেবেন, যাতে মালয়েশিয়ায় অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী নতুন করে বৈধতার সুযোগ পেতে পারেন।