ঢাকা, সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কারেন্ট প্রিমিয়ার লিগ, রেকর্ড নিলামে দল গুছিয়ে নিল চার জায়ান্ট

বহুল প্রতীক্ষিত কারেন্ট প্রিমিয়ার লিগ (সিপিএল) এর নতুন মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ড্রাফট ও নিলাম পর্ব শেষে অংশগ্রহণকারী চারটি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। এফসি কিলোভোল্টস, এফসি কোয়ান্টাম, এআই গ্ল্যাডিয়েটরস, এবং এফসি ফেজর ইউনাইটেড এই চার ফ্র্যাঞ্চাইজিই শক্তিশালী দল গঠনে ছিল সমানতালে সক্রিয়। এবারের নিলাম ছিল রেকর্ড ও উত্তেজনায় ভরপুর। তরুণ প্রতিভাদের দলে টানতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দেখা গেছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। খেলোয়াড়দের মূল্য নির্ধারণে ভাঙতে হয়েছে আগের সব রেকর্ড।

নিলামের সবচেয়ে আলোচিত নাম মোহসিন। ১৪তম ব্যাচের এই তারকা খেলোয়াড়কে ১২৮০ ক্রেডিট ব্যয়ে দলে ভেড়ায় এফসি ফেজর ইউনাইটেড যা এবারের আসরের সর্বোচ্চ বিড। এদিকে, এআই গ্ল্যাডিয়েটরস বড় বিনিয়োগ করেছে ১৩তম ব্যাচের সজিবের পেছনে, যার মূল্য দাঁড়িয়েছে ১০০০। অন্যদিকে, এফসি কিলোভোল্টস ১৫তম ব্যাচের সামিকে দলে নিয়েছে ৯৪০ ক্রেডিটে এবং এফসি কোয়ান্টাম ১৪তম ব্যাচের ফাহাদকে কিনেছে ৮০০ ক্রেডিটে।

মো. তুহিন জাহান ও ইহতেশাম ইবনে মালেকের মালিকানাধীন এফসি ফেজর ইউনাইটেড দলটির অধিনায়ক এফ. এম. জহিন। স্কোয়াডে রয়েছেন মোবিন, সুপ্ত ও এরিকের মতো অভিজ্ঞ নাম। মুশফিকুর রহমান ও ইব্রাহিম আহমেদের মালিকানাধীন এআই গ্ল্যাডিয়েটরস দলের নেতৃত্বে থাকছেন আবদুল্লাহ আল মনসুর জিদান। দলে আছেন ওসমানী, তাহমিদ ও জাওয়াদ এর মতো লড়াকু খেলোয়াড়রা। ইঞ্জি. সাখাওয়াত পারভেজের মালিকানাধীন এফসি কিলোভোল্টস দলটির অধিনায়ক মেহেদী হাসান। তানজিম শাহরিয়ার ও ফয়সালের উপস্থিতিতে দলটি বেশ শক্তিশালী দেখাচ্ছে। মুয়াজ রহমানের মালিকানাধীন এফসি কোয়ান্টাম দলের অধিনায়ক তাওহিদ ইসলাম শুভ। অঙ্কুশ, উদয় ও নিয়াজের অন্তর্ভুক্তিতে দলটি ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড গড়েছে।

ব্যাচভিত্তিক এই টুর্নামেন্টে ১১তম থেকে ১৫তম ব্যাচের প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে তৈরি হয়েছে এক অনন্য প্রতিযোগিতার আবহ। মাঠের খেলা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

এখন প্রশ্ন একটাই নিলামে দেখানো এই দাপট মাঠের পারফরম্যান্সে কে কতটা ধরে রাখতে পারে? উত্তর মিলবে কারেন্ট প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচগুলোতেই।