ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলেও, সফর শেষ হয়নি বাংলাদেশের। দুই দল ৭ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। সেই ফরম্যাটের দলে না থাকা ক্রিকেটাররা ফিরবেন দেশে। কিন্তু সাকিব আল হাসানের পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে ক্রীড়াঙ্গনে গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিতে পারেন সাবেক এই টাইগার অধিনায়ক।
ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আচমকা টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি ফরম্যাটটিতে শেষ ম্যাচ খেলেছেন বলে উল্লেখ করেন। আর টেস্ট থেকে বিদায় নিতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে। তবে সেজন্য তিনি নিরাপত্তা নিশ্চিত করাসহ কিছু শর্ত দিয়েছেন। এখন পর্যন্ত সেই শর্ত পূরণের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে কানপুর টেস্টকেই সম্ভাব্য শেষ লাল বলের ম্যাচ মনে করা হচ্ছে সাকিবের।
টেস্ট সিরিজ শেষ হওয়ায় বাংলাদেশ দলের সাদা পোশাকের ক্রিকেটাররা ৩ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। তবে সাকিবের গন্তব্য ভিন্ন। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, দলের বহরের সঙ্গে দেশে ফিরছেন না সাকিব। সেক্ষেত্রে টাইগার অলরাউন্ডারের পরবর্তী গন্তব্য কোথায় সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানা গেছে সাকিবের পরবর্তী গন্তব্য আমেরিকা। সেখানে নিজের পরিবারের কাছে যাওয়ার কথা রয়েছে সাকিবের।
অন্যদিকে, সাকিবের দাবির প্রেক্ষিতে তাকে পাল্টা শর্ত দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে তাকে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার ততটুকু আমরা দেব। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে সেটা আমাকে রিডিউস করতে (কমাতে) হবে আমার কথা দিয়ে। আমার মনে হয়, তার (সাকিব) নিজের জায়গা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে, তার যে রাজনৈতিক অবস্থান, তা নিয়ে কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা কথা বলেছেন।’