নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে কেন্দ্র করে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে এক বিবৃতি দিয়ে এই দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড।
দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। মুশফিক-লিটন-আমিনুল সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না। এর আগে জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন তিনজনই। বাবা অসুস্থ থাকায় মুশফিক একমাত্র টেস্ট খেলেই ফেরেন দেশে। আমিনুল বাবাকে হারিয়ে ফেরেন মাঠে নামার আগেই আর শ্বশুর অসুস্থ থাকার কারণে লিটন ফেরেন দুই টি-টোয়েন্টি ম্যাচ না খেলে।
অজিদের কঠোর বায়োবাবল শর্তের কারণে দেশে থাকলেও শেষ পর্যন্ত তাদের ছাড়াই খেলতে হয় বাংলাদেশকে। অস্ট্রেলিয়া সিরিজে থাকলেও দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। ৫ ম্যাচের সিরিজের কোনো ম্যাচেই মিঠুন একাদশে সুযোগ পাননি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দলেও ছিলেন না তিনি। কিন্তু মাঝপথে মুশফিকরা ফেরায় তাকে রেখে দেয় বিসিবি। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দলেও ছিলেন মিঠুন। নিউ জিল্যান্ডের বিপক্ষে আর সুযোগ পাননি।
২৪ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে নিউ জিল্যান্ড দলের। এরপর কোয়ারেন্টাইন পর্ব শেষ করে আগামী ২৭ আগস্ট অনুশীলনে নামবে সফরকারীরা। একই দিন থেকে শুরু হবে টাইগারদের অনুশীলনও। ৩১ আগস্ট পর্যন্ত চলবে দুই দলের অনুশীলন। বিকেএসপিতে নিউ জিল্যান্ডের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও তারা এটি খেলবে না।
৫ টি-টোয়েন্টির এই সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। বাকি ৪টি খেলা হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকেল ৪টায় সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।