নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের সফর শেষে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরে বিমানবন্দর থেকে বাকি ক্রিকেটাররা বাড়ির পথ ধরলেও বিমানবন্দরেই থেকে গেছেন মোস্তাফিজুর রহমান।আইপিএলে অংশ নিতে সেখান থেকে আজই ভারতে যাচ্ছেন তিনি।
আইপিএলের চতুর্দশ আসর শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল। এবারের আসরে বাংলাদেশিদের মধ্যে রয়েছেন তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, অন্যদিকে মোস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে।
রাজস্থান রয়্যালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল। মূলত কোভিড-১৯ প্রটোকলের কারণেই দেশে ফিরলেও বিমানবন্দরের বাইরে বের হননি মোস্তাফিজ। সরাসরি ভারতের বিমানে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইনজুরির কারণে রাজস্থানের শুরুর ম্যাচগুলোতে খেলতে পারবেন না ইংলিশ পেসার জোফরা আর্চার। আর তাই আইপিএলের শুরুর ম্যাচগুলোতে মোস্তাফিজকে দলের প্রয়োজনও বেশি। মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস।