ঢাকা: সাম্প্রদায়িক অপশক্তি এবং ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণার দ্বীপশিখা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ৭ মার্চ ভাষণের মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে৷ সাম্প্রদায়িক অপশক্তি এবং ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণার দ্বীপশিখা।
রোববার (৭ মার্চ) বিকেলে খুলনা জেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দেড় লাখ ‘ক্ষুদে বঙ্গবন্ধু’ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সমাবেশে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিল, সেরকম ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে সফল রাজনীতিকের নাম শেখ হাসিনা।
এদেশে বঙ্গবন্ধুর পরিবার সততা, মেধা ও সাহসের প্রতীক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তরুণদের জন্য হতে পারে রোল মডেল।
তিনি তরুণদের বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে ভার্চ্যুয়ালি ও সরাসরি উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ,খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, সংসদ সদস্য (এমপি) নারায়ণ চন্দ্র চন্দ, সালাম মোর্শেদী প্রমুখ।