দেশে ফুটবল নিয়ে মাতামাতি দেখা যায় কালেভদ্রে। কেননা জামাল ভুঁইয়াদের হারের পাল্লাই সবচেয়ে ভারী। দর্শক-ভক্তরা কী নিয়ে মাতামাতি করবেন? করোনাভাইরাসের জন্য আরও থমকে গিয়েছিল। মাঠের ফুটবল নিয়ে মাতামাতি না হলেও এ বছর সরব ছিল ফুটবলের নির্বাচনী আমেজে। যা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর হট টপিক হয়ে দাঁড়ায়।
এ বছরকে মনে রাখতে চাইবেন না দেশের ফুটবল ভক্তরাও। ২০২০ সাল শেষের দেরগোড়ায়। চলছে সারা বছরের পাওয়া না পাওয়া নিয়ে কাটাছেঁড়া। বাদ যায়নি ফুটবলও। রাইজিংবিডির পাঠকদের জন্য সালতামামিতে তুলে ধরা হলো ফুটবলের পাওয়া না পাওয়ার গল্প।
বসুন্ধরা কিংসের প্রথম
বছরের শুরুতেই প্রথমবারের মতো ফেডারেশন কাপ জেতে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। আর আগেরবার ফাইনালে আবাহনী লিমিটেডের কাছে হেরে যায় তারা। এবার আর তা ঘটেনি।
ঘরের মাঠেই হোঁচট খেয়ে শুরু
ছয় দলের অংশগ্রহণে বছরের শুরুতেই জানুয়ারিতে মাঠে গড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ। বাংলাদেশ ছাড়া অন্য দলগুলো হলো ফিলিস্তিন, বুরুন্ডি, মরিশাস, সেশেল ও শ্রীলঙ্কা। আক্ষেপের বিষয় এই টুর্নামেন্টের ফাইনালেই উঠতে পারেননি জামাল ভুঁইয়ারা। সেমিফাইনালে ছিটকে যেতে হয় বুরুন্ডির বিপক্ষে হেরে। টুর্নামেন্টের দলগুলো নিয়েও অনেক সমালোচনা হয়েছিল। ঘরের মাঠে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে বছর শুরু করে জেমি ডের দল।
করোনার হানা
বছরের তৃতীয় মাসের শুরুতেই করোনার আঘাত হানে বাংলাদেশে। মার্চের শেষ দিকে দেশ চলে যায় লকডাউনে। যথারীতি বন্ধ হয়ে যায় খেলাধুলাও। বাতিল হয়ে যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফুটবলাররা ব্যক্তিগতভাবে একক অনুশীলন চালিয়েছিলেন। ফিটনেসের কাজ করেছিলেন যার যার ঘরে। অক্টোবরের শেষে দলীয় অনুশীলনের মাধ্যমে ভাঙে অচলায়তন।
ফুটবলের নির্বাচন
করোনাকালীন আলোচনায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। চলতি বছর ৩ অক্টোবর হওয়া নির্বাচনে কাজী সালাউদ্দিন চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে দাঁড়াতেই পারেননি শফরকুল ইসলাম মানিক। নির্বাচনকে ঘিরে সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। বাদল রায়ের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা নিয়ে চলে নানা নাটক। দীর্ঘদিন ধরে মাঠ গরম করে প্রেসিডেন্ট পদে নির্বাচন থেকে সরে দাঁড়ান তরফদার রুহুল আমীন। অনেক সমালোচনা ছিল সালাউদ্দিনের আবার নির্বাচনে দাঁড়ানো নিয়ে। তবে এসবে তিনি কান না দিয়ে নির্বাচন করেন আবার মসনদে বসেন।
দর্শক নিয়েই ফেরে আন্তর্জাতিক ফুটবল
করোনা মহামারীর মধ্যেই বাফুফে দর্শক নিয়ে ফেরায় আন্তর্জাতিক ফুটবল। নেপালের বিপক্ষে ঘরের মাঠে আয়োজন করে প্রীতি ফুটবল ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশ জেতে ২-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ড্র হয়। সিরিজ জেতে বাংলাদেশ।
কাতারের বিপক্ষে ভরাডুবি
নেপালের বিপক্ষে সিরিজ জিতলেও বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে কাতের বিপক্ষে বিধ্বস্ত হয় বাংলাদেশ। জামাল ভুঁইয়ারা দোহার গিয়ে হারেন ৫-০ গোলে। লড়াইয়ের ছিটেফোঁটাও ছিল না জেমি ডে’র শিষ্যদের। হার দিয়ে বছর শুরু হয় হার দিয়েই বছর শেষ হয়।
বাদল রায়ে বিদায়
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত মাসে না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার বাদল রায়। লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। গত ২২ নভেম্বর মারা যান সাবেক এই তারকা ফুটবলার ও বাফুফে সহ সভাপতি। এ বার প্রেসিডেন্ট পদে দাঁড়ালেও অসুস্থতার কারণে সরে দাঁড়ান।
স্থগিত যত খেলা
করোনার কারণে স্থগিত হয়ে হয়েছিল কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো। কাতারের ম্যাচটি ডিসেম্বরের শুরুতে মাঠে গড়ালেও বাকিগুলো হবে ২১ সালে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ বাকি আছে বাংলাদেশের। এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাতিল হয় করোনার জন্য।