ঢাকা, শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম রোকেয়ার ভাস্কর্য ‘আলোকবর্তিকা’ উদ্বোধনে এলেন না মেয়র

নারী জাগরণের অগ্রদূত মহিয়সী বেগম রোকেয়া। তার স্মরণে রংপুর নগরীর শালবন এলাকায় বেগম রোকেয়া সরকারি কলেজের কাছে ২০ ফুট দৈর্ঘ‌্যের একটি ভাস্কর্য নির্মিত হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘আলোকবর্তিকা’।

রোকেয়া দিবসকে কেন্দ্র করে বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ভাস্কর্যটি উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমানসহ সিটি করপোরেশনের কোনো কর্মকর্তা।

ভাস্কর্যটি রংপুর সিটি করপোরেশনের (রসিক) অর্থায়নে নির্মাণ করা হয়েছে। পাথর ও কংক্রিট দিয়ে নির্মিত ২০ ফুট দৈর্ঘ‌্যের এ ভাস্কর্য নির্মাণে ব‌্যয় হয়েছে ১৫ লাখ টাকা। অথচ সিটি মেয়রসহ করপোরেশনের কোনো কর্মকর্তাই ভাস্কর্য উদ্বোধন করতে রাজি হননি। অবশেষে নির্মাতা ভাস্কর অনিক রেজা নিজেই ভাস্কর্যের ফলক উন্মোচন করেন।

এসময় রোকেয়া কলেজের বেশ কয়েকজন শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রয়াত সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর আমলে বেগম ‘আলোকবর্তিকা’ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছিল। তবে হঠাৎ করে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আবারও শুরু হয় এর নির্মাণ কাজ। তবে খুব ধীরগতিতে চলে কাজ।