বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৫৭তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (১৮ অক্টোবর) সকালে, রাজধানীর বনানী কবরস্থানে সিনিয়র নেতাদের নিয়ে প্রথমে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বিভিন্ন সহযোগী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট খুনিরা শেখ রাসেলকেও ছাড়েনি। এ সময় তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই ভোটে অংশ নিয়েছে বিএনপি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বরাবরের মতোই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাদের কথাবার্তা ও আচার-আচরণে দেশবাসী গভীরভাবে হতাশ হয়েছে। উভয় আসনে বিএনপির প্রার্থীদ্বয় বিপুল ব্যবধানে পরাজিত হওয়ায় বিএনপি নেতারা চিরাচরিত ভঙ্গিতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। অতীতেও আমরা দেখেছি নির্বাচন এলেই বিএনপি জনগণের কাছে না গিয়ে নানা ধরনের কূটকৌশল ও অপতৎপরতা শুরু করে।’
তিনি বলেন, ‘নিজেদের রাজনৈতিক ব্যর্থতার কারণে নিশ্চিত পরাজয় জেনে তারা সুষ্ঠ নির্বাচনের পরিবেশ বিনষ্টে বিভ্রান্তিকর মন্তব্য করে থাকে এবং একের পর এক দোষারোপ করে ভোটারদের উৎসাহ-উদ্দীপনা নষ্টের অপচেষ্টা চালায়। নওগাঁ-৫ ও ঢাকা-৫ আসনের উপনির্বাচনেও দেশবাসী বিএনপির চিরায়ত অপরাজনীতির এই কৌশল প্রত্যক্ষ করেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্টের সেই বিশ্ব ইতিহাসের জঘন্যতম পৈশাচিক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেদিন বিশ্ব মানবতা থমকে গিয়েছিল, সমগ্র বাংলাদেশ হয়েছিল লাঞ্ছিত, নিথর হয়ে পড়ে ছিল বুলেটবিদ্ধ শিশু শেখ রাসেলের লাশ। শেখ রাসেল আমাদের স্মৃতিতে অম্লান, অনুভূতিতে অক্ষয় আর চেতনায় চিরজাগরুক। আমরা চাই, শিশুদের অধিকার বাস্তবায়নের মাধ্যমে তাদের জন্য বাসযোগ্য এক পৃথিবী গড়ে উঠুক।