ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ, প্রস্ততি ও পর্যবেক্ষণের বিষয়ে নির্বাচন কমিশনে বৈঠকে বসেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ টিম।
ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খান বলেন, নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও সামনে নির্বাচনে ইইউ পর্যবেক্ষণ টিম পাঠাবে কিনা- তা নিয়ে সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা, পরিচালনা, আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন সফররত এ প্রতিনিধি দল।
ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ইসির সঙ্গেও বৈঠক করছে। ইসির এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপও তুলে ধরা হবে।
রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে ইসির। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে।