ভারতের রাজধানী নয়াদিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আম আদমি পার্টির (আপ) মন্ত্রী অতীশি। মঙ্গলবার বিকেলের দিকে দিল্লির গভর্নর ভি কে সাক্সেনার সাথে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ করার কথা রয়েছে। তার পদত্যাগের পর পর দিল্লির মন্ত্রী অতীশি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন।
বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অতীশি। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও পরিবর্তন নিয়ে ব্যাপক কাজ করেছেন।
পরে রোববার দুপুরে দলীয় বৈঠকে কেজরিওয়াল বলেন, “দু’দিন পরে আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব। যতদিন না জনতার রায় পাচ্ছি, ততদিন আমি এই আসনে আর ফিরব না। কয়েক মাস পরেই দিল্লিতে ভোট রয়েছে। আদালতে আমি বিচার পেয়েছি। এ বার জনতার আদালতে বিচার পাওয়ার অপেক্ষায় আছি আমি। মানুষ যে দিন চাইবে, সে দিনই আমি আবার মুখ্যমন্ত্রীর পদে ফিরব।”
একইসঙ্গে দিল্লিবাসীর উদ্দেশেও কেজরিওয়ালের অনুরোধ, যদি মানুষ তাকে নির্দোষ বলে মনে করেন, যদি মানুষ ভাবেন তিনি দিল্লির জন্য কাজ করেছেন, তবে তাকে যেন পুনরায় ভোট দেওয়া হয়।
দিল্লির বিধানসভার মেয়াদ রয়েছে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। অতীশি মুখ্যমন্ত্রী হিসেবে ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দাবি, আগামী নভেম্বরে মহারাষ্ট্রের ভোটের সঙ্গেই দিল্লিতে নির্বাচন আয়োজন করা হোক। কেজরিওয়ালের বক্তব্য, মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর থেকে ভোটের আগে পর্যন্ত যেটুকু সময় পাবেন, ওই সময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবেন তিনি।