ঢাকা, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

পবিত্র জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) বলেছে, গণনা অনুযায়ী ওই দিন জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

গাণিতিক হিসাব অনুযায়ী, ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২৭ মে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ ঘোষণা করবে।