ঢাকা, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী সমাজের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান সংশোধন করে ইসলামবিরোধী আইন ও অনুকরণ প্রতিরোধ এবং রাসূলুল্লাহ (সা.) প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী সমাজ।

শনিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকাল ৩ টায় রাজধানীর শাহাবাগ এলাকায় ইসলামী সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

ইসলামী সমাজের সম্মানিত আমীর, হজরত সৈয়দ হুমায়ুন কবীর বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় নৈতিক অবক্ষয়, দুর্নীতি, অসাম্য ও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যার মূল কারণ হিসেবে তারা মানুষের তৈরি আইন ও ব্যবস্থাকে দায়ী করেন। বক্তাদের মতে, মানব রচিত মতবাদ পরিহার করে আল্লাহর দেওয়া বিধান অনুসরণ করলেই সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আর ও বলেন, দেশে প্রচলিত ইসলামবিরোধী সংবিধান ও আইন পরিবর্তন করে কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে। তিনি দাবি করেন, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সকল সমস্যা সমাধান করা সম্ভব।

বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও অস্থিরতার মূল কারণ হলো মানবসৃষ্ট শাসনব্যবস্থা। ইসলামি আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এসব সংকট থেকে উত্তরণ সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবির ও আসাদুজ্জামান বুলবুল প্রমূখ।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।