নিজস্ব প্রতিনিধি: খুলনা আর্ট একাডেমিতে সহকারী শিক্ষক হিসেবে (১০ এপ্রিল) যোগদান করেছেন চিত্রশিল্পী সুব্রত কুমার মন্ডল। তিনি একাডেমির শিশু শিল্পীদের ছবি আঁকার প্রশিক্ষণে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস সুব্রত কুমার মন্ডলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর শিল্প সাধনায় সফলতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শিলা বিশ্বাস, সহকারী শিক্ষিকা শর্মি দেবনাথ, সংগীত শিক্ষক রামপ্রসাদ রায়, বরিশাল থেকে আগত সুলতা রানী হালদার এবং প্রতিষ্ঠানের কচিকাঁচা শিশু শিল্পীরা—সম্প্রীতি, নুশধা, রোদেলা, অদ্রিজা, যাহরুন, ফিজা, আয়ান,জান্নাতি, রোজা ও শুদ্ধ প্রমুখ।উল্লেখ্য, চিত্রশিল্পী সুব্রত কুমার মন্ডল খুলনা আর্ট একাডেমির একজন প্রাক্তন শিক্ষার্থী। তিনি ২০১৫ সালে এই প্রতিষ্ঠানে শিল্পচর্চা শুরু করেন। পরবর্তীতে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের দিকনির্দেশনায় তিনি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিষয়ে অধ্যয়নের সুযোগ পান। সেখান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর তিনি ১৮তম শিক্ষক নিবন্ধনে সফলতা অর্জন করেন। বর্তমানে তিনি খুলনার শিপইয়ার্ড স্কুলে ড্রয়িং শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।প্রতিষ্ঠানের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে চিত্রশিল্পী সুব্রত কুমার মন্ডল প্রতি শুক্রবার ও শনিবার, স্কুলের ছুটির দিনে, খুলনা আর্ট একাডেমিতে নিয়মিত দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস সন্তোষ প্রকাশ করে বলেন, তাঁর হাতে গড়া এই শিক্ষার্থী ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।