অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নুরের ওপর হামলার বিচার না হলে নিজেরাই ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।
ফুয়াদ বলেন, আমরা খুব হতাশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণঅভ্যুত্থান ব্যর্থ করার জন্য যা যা দরকার সব করছে। আওয়ামী লীগের সময়ে যেমন গুম-খুন-হত্যার বিচার হতো না, এখনও সেই চিত্রই দেখছি। যারা দায়িত্বে আছেন, তাদের মনে রাখা উচিত—নুরের বিচার না হলে নিজেদের গলার রশির যত্ন নিতে হবে। ফাঁসির মঞ্চে যেতে হবে আপনাদের।
ফুয়াদ আরও বলেন, হামলার এক সপ্তাহ পার হলেও যেসব অফিসার জড়িত, কাউকে এখনও সাসপেন্ড করা হয়নি। আমরা জানি, যৌথবাহিনীর কিছু সিনিয়র অফিসার ও জাতীয় পার্টির জিএম কাদেরের ঘনিষ্ঠরা এই হামলার সঙ্গে যুক্ত। অন্তর্বর্তীকালীন সরকার খুবই অসহায়ত্ব প্রকাশ করছে। তারাও বিরোধী দলের মতো নিন্দা করছে তারা উদ্বিগ্নতা শো করছেন। তারা বিদেশে নুরকে পাঠানোর কথা বলছেন। সবচেয়ে বেশি যে কাজটি করার দরকার ছিল– যারা যৌথ বাহিনী এবং পুলিশ সদস্যদের মধ্যে জড়িত তাদের ২৪ ঘণ্টার মধ্যে স্ট্যান্ড রিলিজ করা, কিন্তু তারা সেটা করছে না।
তিনি অভিযোগ করেন, নুরের ওপর হামলা কেবল রাজনৈতিক সহিংসতা নয়; এটি একটি দীর্ঘ ষড়যন্ত্রের অংশ। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং শেখ হাসিনার ঘনিষ্ঠরা এর সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরো জানান, নুরের ঘটনা আমরা কোনো সাধারণ হামলা হিসেবে দেখছি না। এটা উচ্চপর্যায়ের এসাসিনেশন প্ল্যানের অংশ। অন্তর্বর্তী সরকার যদি দৃষ্টান্তমূলক বিচার না করে, তাহলে জনগণই বিচার করবে। আর তখন উপদেষ্টাদের অনেকের লাশও পড়বে। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।