ঢাকা, মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের সাবেক স্ত্রীর আপিল শুনানি ৩ এপ্রিল

নিম্ন আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাঁচ বছরের কন্যাশিশুকে নিজের হেফাজতে চেয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মো. শামসুল আলমের ছেলে মুসফেক আলমের বিরুদ্ধে তার সাবেক স্ত্রীর করা আপিল শুনানির জন্য আগামী ৩ এপ্রিল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (১৩ মার্চ) বিষয়টি শুনানির জন্য উঠলে শিশুর বাবা মুসফেক আলমের পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এদিন ধার্য করেন।

আদালতে আজ মুসফেক আলমের পক্ষে সময় আবেদন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। অন্যদিকে মায়ের পক্ষে ছিলেন আহসানুল করিম, সঙ্গে ছিলেন আবদুল কাইয়ুম ও সাবরিনা জেরিন।

এ বিষয়ে আইনজীবী আবদুল কাইয়ুম বলেন, আজ বাবার পক্ষের আইনজীবী মেহেদী হাসান চৌধুরী অসুস্থতাজনিত সময়ের আবেদন করেন। পরে আদালত অবকাশের পর ৩ এপ্রিল দিন ঠিক করে দেন।

তিনি বলেন, এর আগে পাঁচ বছরের কন্যাসন্তানকে দেশের বাইরে না নিতে বাবা মুসফেক আলমের ওপর নিষেধাজ্ঞা ও মায়ের জিম্মায় চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মা। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। পরে রুলের শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেন।

আইনজীবী আবদুল কাইয়ুম বলেন, রায়ে হাইকোর্ট বাবার কাছে চারদিন ও মায়ের কাছে তিনদিন থাকতে বলেছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করি। আমাদের দাবি হলো, আইন অনুযায়ী মা পুরোপুরি সন্তানকে কাছে পাবে। ওই আপিলের শুনানির জন্য আজকে আপিল বিভাগের তালিকায় আসে। পরে আপিল বিভাগ ৩ এপ্রিল দিন ঠিক করে দেন।