ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে আরও ৭০৪ জনের করোনা শনাক্ত, হার ২৯ শতাংশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭০৪ জন। এ নিয়ে জেলায় শনাক্ত বেড়ে দাঁড়ালো ১ লাখ ১০ হাজার ৯৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে।

শনিবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪২৩ জনের নমুনা পরীক্ষায় ৭০৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক শূন্য ৫ শতাংশ। শনাক্তদের মধ্যে ৫৩১ জন মহানগরের এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬০ জন, শেভরন হাসপাতাল ১৬৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৫৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।