ঢাকা, শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা চলবে কিনা, আদেশ ৮ এপ্রিল

ঢাকা: দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ আদেশের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করেছেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জোবায়দার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালে ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট।

একইসঙ্গে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবায়দা রহমান।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় এ মামলা দায়ের করে দুদক।

মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেন হাইকোর্ট।