ঢাকা, মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও কারফিউ জারি

ইউরোপে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ফ্রান্স, জার্মানিতে ফের চালু হচ্ছে নিষেধাজ্ঞা। চেক রিপাবলিকে সংক্রমণের হার সব চেয়ে বেশি। প্যারিসসহ দেশের আটটি শহরে নতুন করে করোনা কারফিউ জারি করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

রাত নয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত এই কার্ফিউ জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। বুধবার একটি টেলিভিশন বিবৃতিতে মাঁক্রো জানিয়েছেন, আগামী চার সপ্তাহ এই নিয়ম জারি থাকবে। তবে সরকার চাইছে তা আরও দুই সপ্তাহ বাড়াতে।

শুধু ফ্রান্স নয়, গোটা ইউরোপেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। যার জেরে জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন সহ একাধিক দেশ ফের করোনা প্রতিরোধে কড়া অবস্থান নিতে শুরু করেছে। জার্মান চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেলও নতুন নিয়মের কথা ঘোষণা করেছেন।

ম্যার্কেল জানিয়েছেন, যে সমস্ত এলাকায় সংক্রমণের পরিমাণ বেশি, সেখানে বার এবং রেস্তোরাঁগুলি বেশি রাত পর্যন্ত খোলা রাখা যাবে না। বস্তুত, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে পাঁচ হাজার সংক্রমণের ঘটনা ঘটেছে। এপ্রিলের পরে এই প্রথম এক দিনে এত পরিমাণ সংক্রমণের ঘটনা ঘটল। তার পরেই ম্যার্কেল কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। বুধবার তিনি জানিয়েছেন, নতুন নিয়ম দ্রুত শুরু হবে জার্মানিতে।