ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প ফিরে আসায় আবারো জমজমাট মার্কিন নির্বাচন

ডোনাল্ড ট্রাম্প করোনামুক্ত হয়ে ফিরে এলে আবারও জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। ট্রাম্প ও তার প্রতিপক্ষ জো বাইডেন সমাবেশেই কথার লড়াই চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার ফ্লোরিডার সমাবেশে বাইডেন বলেন, ট্রাম্প শুধু নিজের কথাই ভাবেন। আর পেনসেলভেনিয়ার সমাবেশ থেকে ট্রাম্পের মন্তব্য, বাইডেন জিতলে হারবে আমেরিকা। এদিকে, ট্রাম্প মনোনীত বিচারপতি ব্যারেটকে নিয়ে সিনেটে দ্বিতীয় বারের শুনানি চলছে।

আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণায় নেমেছে বাইডেন-ট্রাম্প। মঙ্গলবার পেনসেলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে অংশ নেন ট্রাম্প। বলেন, জো বাইডেন বিজয়ী হলে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পরাজয় নেমে আসবে।

তিনি বলেন, ’জো বাইডেন ক্ষমতায় আসলে মার্কিনীদের দূর্ভাগ্য নেমে আসবে। ২০১৬ সালের মতো আবারো ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এদিন ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী বাইডেন। করোনা মোকাবিলায় ট্রাম্প পুরোপুরি ব্যর্থ হয়েছেন দাবি করে আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে ভোট চেয়েছেন তিনি।