শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি বলেছেন, ‘আমরা যারা আওয়ামী লীগ করি, তারা সবাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতা মেনে তার আদেশ-নিষেধ অনুসরণ করে দল করি। মুক্তিযুদ্ধের সময় যেমন আমাদের জাতির শেষ ঠিকানা ছিলেন বঙ্গবন্ধু, তেমনি এখন বাংলা ও বাঙালির উন্নয়ন অভিযাত্রার পথ প্রর্দশক ও শেষ ঠিকানা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন পরিষদের সামনে সাজনপুর বাজার পরিদর্শন পরবর্তী সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
বাজার বণিক সমিতির সভাপতি অরুন অর রশীদ হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর মান্নান বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজম ফরিদী, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মান্নান হাওলাদার প্রমুখ।
সভা থেকে প্রধান অতিথি নাহিম রাজ্জাক আগামী ২০ অক্টোবর মহিষার ইউনিয়নের উপনির্বাচনে দলীয় প্রার্থী দেলোয়ার হোসেন সরদারের নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য বিদ্রোহী প্রার্থী অরুন অর রশীদ হাওলাদারকে তার মনোনয়ন প্রত্যাহার করার জন্য আহ্বান জানান। অরুন হাওলাদার এমপির প্রতি সম্মান আর দলের প্রতি তার আনুগত্য প্রর্দশন করে তার মনোনয়ন প্রত্যাহারে সম্মতি প্রকাশ করেন।