ঢাকা, সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনেই ৬টি যুদ্ধবিমান-ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি আইআরজিসির

একদিনেই ইরানের আকাশ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর ছোড়া একটি যুদ্ধবিমান, পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই দিনটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছে। শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের বিভিন্ন অঞ্চলে আকাশপথে বড় ধরনের সংঘাত চলাকালীন তাদের প্রতিরক্ষা বাহিনী শত্রুপক্ষের কয়েকটি  লক্ষ্যবস্তু প্রতিহত করেছে। চলমান মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের মুখে দেশের আকাশসীমার ওপর ইরানের নিয়ন্ত্রণ যে বাড়ছে; এই অভিযান তারই প্রমাণ বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়েছে, একটি নির্ণায়ক ও দীর্ঘস্থায়ী লড়াইয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি যুদ্ধবিমান এবং আরও পাঁচটি আকাশযান ভূপাতিত করেছে। এটি ইরানি আকাশে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য একটি চরম পরাজয়ের দিন।

ইরানের এই বিপ্লবী গার্ড বাহিজনী বলেছে, ইরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলো শত্রুপক্ষের উন্নতমানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সুনির্দিষ্ট ও উদ্ভাবনী পর্যবেক্ষণের ফলে দেশটির আকাশসীমা শত্রু বিমানের জন্য ক্রমশ আরও অনিরাপদ হয়ে উঠবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।